বিজ্ঞাপন

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন এলাকায় কুড়িগ্রাম থেকে ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের লাগেজ ভ্যানের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে সান্তাহার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বগি লাইনচ্যুত হওয়ার পর ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে সান্তাহার জংশন এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেন আটকা পড়েছে। একই কারণে রাজশাহীগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি আক্কেলপুর রেলওয়ে স্টেশনে আটকে পড়েছে।

এদিকে, রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানের বগিটি রেখেই কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে সান্তাহার স্টেশন ছেড়ে যায়। এরপর লাইন সচল করতে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করা হয়।

সান্তাহার রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খানম বলেন, রাত সাড়ে ৯টার দিকে লাইনচ্যুত লাগেজ ভ্যানের বগিটি রেখেই কুড়িগ্রাম এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছেছে। এখন উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত বগিটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত উদ্ধারকাজ শেষ করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত সান্তাহার জংশন এলাকায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল।

আব্দুল মোমিন/এএমকে