সাতক্ষীরায় ৫৬ বোতল মাদকসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন কনস্টেবল মোস্তাইন বিল্লাহ ও কনস্টেবল নাজমুল ইসলাম। মোস্তাইন বিল্লাহ সাতক্ষীরা জেলা পুলিশের এসএফ শাখায় কর্মরত ছিলেন। এর আগে তিনি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নাজমুল ইসলাম ইনসার্ভিস ট্রেনিং সেন্টারে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে বাইপাস সড়ক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুই পুলিশ সদস্যকে আটক করে তল্লাশি চালালে তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ৫৬ বোতল মাদক উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের একটি সূত্রের দাবি, মোস্তাইন বিল্লাহ দীর্ঘদিন ধরে সাতক্ষীরা শহরের সার্কিট হাউস মোড় এলাকার একটি দোকানে বসে মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন। সম্প্রতি পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে মাদক সংগ্রহ করে বিক্রির অভিযোগও উঠে আসে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্র জানায়, মাদক-সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারির পর তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে মাদক উদ্ধারের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, অভিযুক্তরা পুলিশ সদস্য হলেও তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে পদমর্যাদা বিবেচনা না করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইব্রাহিম খলিল/এএমকে
