ফরিদপুরের ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত বাসের নিচে ঢুকে পড়ে মোটরসাইকেল। দুই আরোহী নিহত হয়েছে। এরপর ওই মোটরসাইকেলটিকে টেনেহিঁচড়ে প্রায় দুইশ মিটার দূরে নিয়ে যায় বাসটি। এতে দুইজন ঘটনাস্থলেই নিহত হন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা এলাকায় আড়ুয়ামাঠ সেতুর ঢালে (চাঁপা ব্রিজে) এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের তুষখালি গ্রামের বাসিন্দা মো. আকবরের ছেলে মো. আরিফ (২৮) ও বরিশালের গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার ফরিদ হাওলাদারের ছেলে সালাউদ্দিন হাওলাদার (৩০)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, নিহতরা মোটরসাইকেল চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিলেন। অন্যদিকে বাসটি পটুয়াখালীর দশমিনা উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। মোটরসাইকেলটি ভাঙ্গা উপজেলার বাবলাতলা এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী দশমিনা পরিবহনের ওই বাসের নিচে ঢুকে পড়ে। দুর্ঘটনার পর ঢুকে পড়া মোটরসাইকেলটিকে প্রায় দুইশ মিটার দূরে টেনেহিঁচড়ে নিয়ে যায় বাসটি। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীর শরীর চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মর্মান্তিক মৃত্যু হয়। সংবাদ পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট আজাদুর রহমান বলেন, মোটরসাইকেলের আলো স্বল্পতা ও বাসের সামনে এসে পরায় বাসের তীব্র আলোতে নিয়ন্ত্রণ হারায় মোটরসাইকেলের চালক। পরে মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পর খবর পেয়ে বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জহির হোসেন/এএমকে
