বিজ্ঞাপন

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় কারাগারে বিএনপি নেতা

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় কারাগারে বিএনপি নেতা

গাইবান্ধায় চাঁদাবাজির মামলায় এক বিএনপি নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান মামলার শুনানি শেষে এ আদেশ দেন।

গ্রেপ্তার ওই বিএনপি নেতার। নাম সাজ্জাদুর রহমান সাজ্জাদ। তিনি সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও ওই ইউনিয়নের মৃত আব্দুর রহিমের ছেলে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২২ এপ্রিল নুর মোহাম্মদ নামের এক ব্যক্তির কাছে অস্ত্রের মুখে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বিএনপি নেতা সাজ্জাদ। নুর মোহাম্মদ সদর উপজেলার তুলসীঘাট বাফার গুদামে সার লোড-আনলোডের প্রতিনিধি। পরে এই চাঁদাবাজির ঘটনার সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন ভোক্তভোগী নুর মোহাম্মদ।

ওই মামলায় সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন নেন সাজ্জাদ। পরে জামিনের মেয়াদ শেষ হলে সোমবার নিম্ন আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাইবান্ধা সদর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) গোবিন্দ চন্দ্র দাস বলেন, সাজ্জাদুর রহমান সাজ্জাদ চাঁদাবাজির মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এর আগে তিনি উচ্চ আদালতের জামিনে ছিলেন।

মাসুম বিল্লাহ/আরকে

বিজ্ঞাপন