বিজ্ঞাপন

হোটেল দখলচেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

হোটেল দখলচেষ্টার ঘটনায় বিএনপি নেতাসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

লক্ষ্মীপুরের রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখল চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ফয়সাল হোসেনসহ ৬ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিম এ আদেশ দেন।

সন্ধ্যায় আদালতের জারিকারক মো. মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারক মামলাটি আমলে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ফয়সাল ওরফে শাহরিয়ার ফয়সাল রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকার আফিল উদ্দিনের ছেলে। অন্যরা হলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারী, যুবদল নেতা বাপ্পি, মনির হোসেন বাবু, রাসেল ও জেলা কৃষকদলের সদস্য জামাল হোসেন। তারা বিএনপি ও অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে সক্রিয়।

আদালত সূত্রে জানা যায়, গত ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের শাহী হোটেল দখলের চেষ্টা করে। একাধিকবার ভুক্তভোগী দোকানের মালিক হাবিব উল্যাকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় ৮ জুলাই হাবিব বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফয়সালসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। বাদী হাবিব রায়পুরে দক্ষিণ কেরোয়া এলাকার মৃত হারিছ মিয়ার ছেলে। পুলিশি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন বলেন, মিথ্যা তথ্য দিয়ে মামলাটি করা হয়েছে। এখানে দোকান দখলের কিছু নেই। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরব।

হাসান মাহমুদ শাকিল/আরকে