কুমিল্লার বরুড়ায় পানিতে ডুবে ১৮ মাস বয়সী জমজ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
দুই শিশু হলো- জুনাইরা ও তাসলিমা। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ মেয়ে।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ইনচার্জ জহিরুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, দেড় বছর বয়সী জমজ দুই শিশু পুকুর পাড়ে খেলা করছিল। একপর্যায়ে দুইজন পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে পরে পুকুরের পানি থেকে তাদেরকে উদ্ধার করা হয়। দ্রুত বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, জমজ দুই শিশুকে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। হাসপাতালে আনার আগেই তারা মৃত্যুবরণ করেছে।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, জমজ শিশুর মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরিফ আজগর/আরকে
