পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বিদেশি পিস্তল ও ছয়টি ককটেলসহ আন্তঃজেলা ডাকাত দলের সর্দার মো. দুলাল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর নেতৃত্বে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত দুলাল মিয়া মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আব্দুল খালেক সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাউদখালী ইউনিয়নের খায়ের ঘটিচোরা গ্রামে অভিযান পরিচালনা করে ডাকাত সর্দার দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তল্লাশিকালে তার হাঁসের ঘরের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি বাজারের ব্যাগের ভেতর থেকে ম্যাগাজিনবিহীন একটি পিস্তল এবং ছয়টি ককটেল সদৃশ বস্তু জব্দ করা হয়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে ঝালকাঠি জেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে।
মঠবাড়িয়া থানার ওসি রবিউল ইসলাম বলেন, দুলাল মিয়া আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার কাছ থেকে অস্ত্র ও ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে। এখন তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
সাদী মো. হিমেল/এসএইচএ
