অতীত কর্মকাণ্ড নিয়ে বিতর্কের জেরে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর থেকে প্রত্যাহারের প্রায় তিন মাসের মাথায় আবারও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন পুলিশ কর্মকর্তা সাজ্জাদ রোমন। এবার তাকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে ওই থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ ও আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন সাজ্জাদ রোমন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ বলয়ে প্রভাবশালী হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
কোম্পানীগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার ও বিতর্কিত ভূমিকা পালনের অভিযোগও ওঠে। ওই সময়ে ওবায়দুল কাদেরের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুলিশ প্রশাসনের ব্যানারে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সাজ্জাদ রোমন। বিষয়টি তখন ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) থেকে বদলি হয়ে গত ২৯ এপ্রিল ময়মনসিংহ জেলা ডিবি উত্তর শাখায় যোগ দেন সাজ্জাদ রোমন। তবে তার রাজনৈতিক আনুগত্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্থানীয়দের প্রতিবাদ শুরু হয়। এরপর দায়িত্ব গ্রহণের মাত্র এক মাস ১৮ দিনের মাথায় গত ১৬ জুন তাকে ডিবি থেকে প্রত্যাহার করা হয়।
ডিবি থেকে প্রত্যাহারের দুই মাস ২২ দিনের মাথায় আবারও নতুন দায়িত্ব পেলেন এই কর্মকর্তা। গতকাল সোমবার ময়মনসিংহ জেলা পুলিশ তাকে ঈশ্বরগঞ্জ থানার ওসি হিসেবে পদায়ন করে।
এদিকে ঈশ্বরগঞ্জ থানায় সাজ্জাদ রোমনের পদায়ন এবং তার বিরুদ্ধে ওঠা অতীতের বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, তৎকালীন পরিস্থিতির চাহিদার (সিচুয়েশন ডিমান্ড) ভিত্তিতেই তাকে ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছিল।
ওবায়দুল কাদেরের পক্ষে দোয়া মাহফিল আয়োজনসহ বিভিন্ন রাজনৈতিক বিতর্কের বিষয়ে জানতে চাইলে এসপি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা অভিযোগ ও বিষয়গুলো নিয়ে গোয়েন্দা সংস্থার মাধ্যমে আনুষ্ঠানিক তদন্ত করা হয়েছে। তবে গোয়েন্দা প্রতিবেদনে সাজ্জাদ রোমনের বিরুদ্ধে বিতর্কিত বা নেতিবাচক কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে পরবর্তীতে তার বিরুদ্ধে আর কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি।
মোহাম্মদ কামরুল হাসান আরও বলেন, বিতর্কিত কি না, তা পারফরম্যান্স দেখে বোঝা যাবে। সে যদি পারফর্ম করতে পারে, তাহলে তো ভালো। আর পারফর্ম করতে না পারলে তো অপশন রয়েছেই।
সাখাওয়াত সুমন/এসএইচএ
