কুমিল্লার বরুড়ায় ফসলি জমিতে পুঁতে রাখা অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মরদেহের হাত-পা বাঁধা ছিল। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চিতড্ডা ইউনিয়নের ওড্ডা গ্রামে ফসলি জমির মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ওড্ডা গ্রামের ফসলি জমিতে এক নারীর হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কোনো এক এলাকায় হত্যা করে ওড্ডা গ্রামের ওই ফসলি জমিতে পুতে রেখে মাটিচাপা দেওয়া হয়। মরদেহ ফুলে যাওয়ায় উপর থেকে মাটি সরে গিয়ে মরদেহটি দৃশ্যমান হয়।
ওসি নাজমুল হক বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
আরিফ আজগর/এমএমবি
