বিজ্ঞাপন

হোটেল দখলচেষ্টায় মামলা, বিএনপি নেতারা বলছেন ‘ষড়যন্ত্র’

হোটেল দখলচেষ্টায় মামলা, বিএনপি নেতারা বলছেন ‘ষড়যন্ত্র’

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল ও উপজেলা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটোয়ারীর বিরুদ্ধে একটি খাবার হোটেল দখলচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ মামলাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতারা। যদিও এ ঘটনায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। 

এদিকে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রায়পুরে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়। এসময় বিএনপি নেতারা দাবি করেন, রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ মামলা করা হয়েছে। হোটেল দখলচেষ্টার বিষয়টি মিথ্যা। 

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ফয়সাল বলেন, দোকানের মালিক নিজেই দোকানে তালা লাগিয়ে আমাদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। ১০ জুলাই প্রকাশ্যে রায়পুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুকুল ও মামলার বাদী শাহী হোটেলে তালা ঝুলিয়েছেন। অথচ ওই ঘটনায় আমাদের নাম মামলায় কীভাবে এলো? শাহী হোটেল পরিচালনাকারী বেলালের সঙ্গে জামাল ও বাপ্পির চুক্তি সংক্রান্ত বিষয় থাকলেও সেখানে বিএনপি নেতাদের সম্পৃক্ততা নেই। 

উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, বিএনপি নেতাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। হোটেল দখলের চেষ্টার অভিযোগে জড়ানো হলেও কাগজপত্র অনুযায়ী এরসঙ্গে বিএনপির কোনো নেতার সম্পৃক্ততা নেই। 

পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন বলেন, বিএনপির কোনো নেতাকর্মী অপরাধে জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে নির্দোষ নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা মেনে নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী, পৌর বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, আবদুর জাহের মিয়াজী, উপজেলা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন আরমান, সদস্য সচিব হাবিবুর রহমান সুজন পাটওয়ারীসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত, ভুক্তভোগী দোকান মালিক হাবিব উল্যার অভিযোগ, ৩ জুলাই অভিযুক্তরা রায়পুর বাজারের প্রধান সড়কের শাহী হোটেল দখলের চেষ্টা করেন। একাধিকবার দোকানের মালিক তাকে ভয়ভীতিও দেখায়। এ ঘটনায় ৮ জুলাই তিনি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রায়পুর আদালতে ভূমি নিরোধ আইনে মামলা দায়ের করেন। এতে বিএনপি নেতা ফয়সাল, সুজনসহ ৬ জনের নাম উল্লেখ করা হয়। পুলিশি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আদালত বাদী ও সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। পরে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

হাসান মাহমুদ শাকিল/এসএইচএ 

বিজ্ঞাপন