সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আরও ৮ আসামির বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাজুল ইসলাম সোহাগ এ রিমান্ড আদেশ দেন। মামলার এজাহারভুক্ত ৬ আসামির ৫ দিন এবং অজ্ঞাতনামা গ্রেপ্তারকৃত ২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
রিমান্ডপ্রাপ্ত এজাহারভুক্ত আসামিরা হলেন— আলাউদ্দিন, আপন, জিহাদ, ইমরান, নূর মোহাম্মদ রুদ্র ও রাব্বি। এছাড়া অজ্ঞাতনামা আসামি হিসেবে রিমান্ডপ্রাপ্তরা হলেন বিল্লাল ও দেলোয়ার।
জানা যায়, মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও আমিনবাজার পুলিশ ক্যাম্পের এসআই মো. জাকির আল আহসান গ্রেপ্তারকৃত আট আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত এজাহারভুক্ত ৬ জনের ৫ দিন এবং অপর ২ জনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কোর্ট ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় মোট ৮ আসামিকে আদালতে তোলা হয়েছিল। পুলিশ নিরপেক্ষ তদন্তের স্বার্থে ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত রিমান্ডের এ আদেশ দেন।
উল্লেখ্য, গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার ইউনিয়নের বরদেশী পশ্চিমপাড়া এলাকার 'এড্রইট ফ্যাশন' নামে একটি পোশাক কারখানার সামনে সন্ত্রাসীরা এসআই আলতাব হোসেনের ওপর নৃশংস হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও পরবর্তীতে তিনি মারা যান। নিহত এসআই আলতাব হোসেন সপরিবারে ওই এলাকায় বসবাস করতেন।
ঘটনার পরদিন রোববার (৬ সেপ্টেম্বর) সকালে নিহতের স্ত্রী মোছা. শিউলী পারভীন বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লোটন আচার্য্য/এমএমবি
