বিজ্ঞাপন

কমিশনার গিয়ে দেখলেন ভূমি অফিস তালাবদ্ধ, কর্মকর্তা বরখাস্ত

কমিশনার গিয়ে দেখলেন ভূমি অফিস তালাবদ্ধ, কর্মকর্তা বরখাস্ত

নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা মো. কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে ঝালকাঠির জেলা প্রশাসককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ শুক্তাগড় ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি অফিসটি তালাবদ্ধ দেখতে পান। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় একজন দপ্তরি এসে অফিসটি খুলে দেন। তবে তখনও উপসহকারী ভূমি কর্মকর্তা কামাল হোসেন খানসহ কোনো কর্মকর্তা-কর্মচারীকে অফিসে পাওয়া যায়নি।

পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মচারীদের সঙ্গে কথা বলেন বিভাগীয় কমিশনার। তারা জানান, ওই অফিসে সাধারণত সকাল ১০টা থেকে সাড়ে ১০টার আগে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি দেখা যায় না।

অফিস আদেশে বলা হয়েছে, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং সরকারি কার্যালয় তালাবদ্ধ রাখার বিষয়টি দায়িত্ব পালনে চরম অবহেলা ও গুরুতর অপরাধের শামিল। এ ঘটনায় কামাল হোসেন খানকে সাময়িক বরখাস্তসহ বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া একই অফিসের অফিস সহায়ক মো. মাহবুবুর রহমান ও মনোতোষ হালদারকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণ দর্শাতে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছে। তাদের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সাময়িক বরখাস্তের বিষয়ে কামাল হোসেন খান বলেন, ‘আমাকে কেন বরখাস্ত করার আদেশ দেওয়া হয়েছে, সেটা কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।’

ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনারের আকস্মিক পরিদর্শনে অফিসটি তালাবদ্ধ এবং কর্মকর্তা-কর্মচারীদের অনুপস্থিত পাওয়া যায়। নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ। এ কারণে উপসহকারী ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সুপারিশ করে জেলা প্রশাসকের কাছে পত্র পাঠানো হয়। মঙ্গলবার বিকেলেই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শাহীন আলম/এসএইচএ

বিজ্ঞাপন