বিজ্ঞাপন

নারী উদ্যোক্তাকে মারধর, জড়িতদের গ্রেপ্তার ও প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

নারী উদ্যোক্তাকে মারধর, জড়িতদের গ্রেপ্তার ও প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তা ও ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জয়িতা জাকিয়া সুলতানাকে মারধরের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান জাকিয়া সুলতানা।

জাকিয়া সুলতানা আস্থা পোশাক শিল্প গার্মেন্টসের উদ্যোক্তা এবং রাজবাড়ী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আহ্বায়ক।

সংবাদ সম্মেলনে জাকিয়া সুলতানা বলেন, আমার দোকানের সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে যে অভিযোগ করেছেন, সে বিষয়ে ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তদন্ত করেছেন। তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা বা প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রশাসনের তদন্তে সত্য উদ্ভাসিত হওয়ার পরও আজ পর্যন্ত কেন আমার দোকান বন্ধ রাখা হয়েছে? আমার কর্মচারীদের রুজি-রোজগার বন্ধ, আমার তৈরি পোশাকসামগ্রী দোকানে আটকে থেকে নষ্ট হচ্ছে।

জাকিয়া সুলতানা আরও বলেন, কেন একজন নারী উদ্যোক্তাকে এভাবে সামাজিক ও আর্থিকভাবে পঙ্গু করে দেওয়ার চক্রান্ত চলছে—এই প্রশ্নটি আজ আমি আপনাদের মাধ্যমে রাজবাড়ীবাসীর কাছে রাখতে চাই।

তিনি আইন ও বিচারের প্রতি পূর্ণ আস্থা রয়েছে বলে জানান। সংবাদ সম্মেলনে তিনি দুটি দাবি তুলে ধরেন। প্রথমত, সাবেক কর্মচারী শাহনাজ পারভীন বৃষ্টির বিরুদ্ধে ভিত্তিহীন ও বানোয়াট তথ্য ছড়িয়ে তার সম্মান ক্ষুণ্ণ এবং প্রকাশ্যে মানহানি করার অভিযোগ তদন্ত করে সঠিক আইনি ব্যবস্থা নিতে হবে।

দ্বিতীয়ত, রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতি ও প্রত্যক্ষ ইন্ধনে কীভাবে একজন জয়িতা পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তার গায়ে হাত তোলার মতো ঘটনা ঘটল, তা নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে। ঘটনায় যারা শারীরিক নির্যাতন চালিয়েছে বা মদদ দিয়েছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

জাকিয়া সুলতানা বলেন, দীর্ঘদিন ধরে তিনি একজন নারী উদ্যোক্তা হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছেন। সাম্প্রতিক ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি ও তার কর্মচারীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

সংবাদ সম্মেলন থেকে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং তার ব্যবসাপ্রতিষ্ঠান স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ দেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাসহ তার প্রতিষ্ঠানের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ 

বিজ্ঞাপন