বিজ্ঞাপন

জেলের জালে ধরা পড়ল আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১৫ হাজারে

জেলের জালে ধরা পড়ল আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১৫ হাজারে

ভোলার মনপুরা উপজেলা সংলগ্ন মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় ‘রাজা ইলিশ’। মাছটি নদীতীরবর্তী আড়তে উন্মুক্ত নিলামে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে সাবিদ মেম্বারের আড়তে মাছটির নিলাম হয়। নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন আড়তদার সাবিদ মেম্বার নিজেই।

আড়তদার ও স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা জেলে এমরান মাঝি মঙ্গলবার সকালে মেঘনা নদীতে মাছ ধরতে জাল ফেলেন। জাল টেনে তোলার সময় বিভিন্ন আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রাজা ইলিশটিও ধরা পড়ে। পরে দুপুরে মাছটি বিক্রির জন্য আড়তে আনা হলে খবর ছড়িয়ে পড়ে। বড় ইলিশটি দেখতে ও কিনতে ঘাটে ভিড় করেন অনেকে। 

পরে উন্মুক্ত নিলামে ২ কেজি ৫০০ গ্রাম ওজনের ইলিশটির সর্বোচ্চ দর ওঠে ১৫ হাজার টাকা। শেষ পর্যন্ত আড়তদার সাবিদ মেম্বারই মাছটি কিনে নেন।

জেলে এমরান মাঝি বলেন, মঙ্গলবার মেঘনা নদীতে জাল ফেলার সময় অন্যান্য ছোট আকারের ইলিশের সঙ্গে বড় আকৃতির এই মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছের সঙ্গে ইলিশটিও আড়তে এনে নিলামে তোলা হয়।

মাছটির ক্রেতা ও আড়তদার সাবিদ মেম্বার বলেন, সচরাচর এত বড় ইলিশ আড়তে আসে না, কারণ জেলেদের জালেই ধরা পড়ে না। আজ আড়াই কেজির ইলিশটি আমার আড়তে আনা হলে নিলামে সর্বোচ্চ ১৫ হাজার টাকায় আমি কিনেছি। রাজধানী ঢাকায় মেঘনার বড় ইলিশের বেশ চাহিদা রয়েছে। এটি বিক্রির জন্য অন্যান্য মাছের সঙ্গে ঢাকার কারওয়ান বাজারের উদ্দেশ্যে লঞ্চযোগে পাঠিয়েছি। আশা করছি, সর্বনিম্ন ২০ হাজার টাকায় বিক্রি করতে পারব। এতে এক ইলিশেই অন্তত ৫ হাজার টাকা লাভ হবে।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জয়ন্ত কুমার অপু বলেন, আড়াই কেজি ওজনের ইলিশটি এক জেলের জালে ধরা পড়লেও বিষয়টি অন্যান্য জেলেদের জন্য আশার আলো দেখাচ্ছে। ইদানীং নদীতে বড় সাইজের ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়ছে। আশা করছি, সামনের দিনগুলোতে জেলেদের জালে আরও বড় বড় ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়বে।

মো. খাইরুল ইসলাম/এমএমবি

বিজ্ঞাপন