জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিএনপি গণআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে দলটি ৫ বছর ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পটুয়াখালীর মল্লিকা রেস্তোরাঁর পার্টি সেন্টারে এনসিপির পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সারজিস আলম বলেন, ‘বিগত ৬ মাসে বিএনপি যতটা জনসমর্থন পেতে পারত, তাদের এগুলো করা সম্ভব ছিল। তারা সেগুলো করছে না, তারা গণআকাঙ্ক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। এই প্রক্রিয়ায় যদি যায়, বিএনপি পাঁচ বছর ক্ষমতায় স্থায়ী হতে পারবে না।’
আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা আওয়ামী লীগের সঙ্গে বিএনপিকে এখনও ওইভাবে তুলনা করতে চাই না। এজন্য যে, প্রথমত তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় এসেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে, মেধাবী দেশপ্রেমিক অফিসারদের তারা হত্যা করেছে। এরপরে শাপলায় তারা আমার দেশের আলেমদের রাতের আঁধারে হত্যা করেছে। মোদি বিরোধী আন্দোলনে তারা গুলি করে মানুষকে হত্যা করেছে। সর্বশেষ আমরা একটা যৌক্তিক দাবি করেছিলাম, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য সেখানে ১৪০০ মানুষকে হত্যা করা হয়েছে। বর্তমানে আওয়ামী লীগ একটি ক্লোজড চ্যাপ্টার। তাদের বাংলাদেশে পতন হয়েছে, ভারতে গিয়ে দাফন হয়েছে।’
বিএনপিকে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ‘বিএনপিকে আলাদাভাবে ট্রিট করা হলেও বিন্দুমাত্র ছাড় দিতে আগ্রহী নই আমরা। তাদের সকল অন্যায়ের প্রতিবাদ করব। বিএনপির কেউ যদি চাঁদাবাজি করে, আমরা তাদের চাঁদাবাজ বলব। কেউ যদি জমি দখল করে, দখলদার বলব। কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অপব্যবহারকারী বলব। মাদকের ব্যবসাকে রাতের আঁধারে সেলটার দিলে মাদক ব্যবসায়ী বলব।’
আওয়ামী লীগের সঙ্গে বিএনপির কোনো ধরনের সন্ধি হলে দেশে সংকট তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন সারজিস আলম।
তিনি বলেন, ‘বিএনপি যদি ভোটের নেগোসিয়েশনের জন্য খুনি ও স্বৈরাচারদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার চিন্তাভাবনা করে, তাহলে হিতে বিপরীত হবে। এক্ষেত্রে কোনো সংকট তৈরি হলে সকল দলের ওপর দিয়েই যাবে এবং বিএনপি যেহেতু ক্ষমতায়, সংকটের অগ্রভাগে তাদেরই মোকাবিলা করতে হবে। বিএনপি ও বিচারবিভাগ যদি এই বিষয়গুলোতে শাস্তি নিশ্চিত না করে, তাহলে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের নিয়ে আমাদের আবারও রাজপথে নামতে হতে পারে।’
এ সময় আজমেরী হক বাঁধনকে সরকারিভাবে আইনগত সহায়তা দেওয়ার পাশাপাশি বর্তমান সরকারকে অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর আহ্বান জানান সারজিস আলম।
অনুষ্ঠানে এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার, যুব শক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মঞ্জুসহ দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সোহাইব মাকসুদ নুরনবী/এমএমবি
