নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের বটির কোপে কুন্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে ইয়াসিন ঠিকমতো খাবার গ্রহণ করছিলেন না। ঘটনার দিন ভোরে ফজরের নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা তৈরি করতে যান। এ সময় ইয়াসিনও সেখানে ছিলেন। বাবা ছেলেকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। এসময় হঠাৎ ইয়াসিন ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন কুন্ডু মিয়া।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
মদন থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযুক্ত যুবকের মানসিক অসুস্থতার কথা তার পরিবার জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চয়ন দেবনাথ মুন্না/এমএমবি
