বরিশাল নগরীর নতুন বাজার ফরেস্ট অফিসের সামনে একটি ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে একটি ছেলে ও একটি মেয়ে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বিসিসির পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা অপসারণের সময় প্লাস্টিকের কৌটার ভেতর মরদেহ দুটি দেখতে পান। বিষয়টি নজরে আসার পর তারা দ্রুত পুলিশকে খবর দেন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতক দুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ দুটি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জানা গেছে, ময়লা অপসারণের সময় পরিচ্ছন্নতাকর্মীদের নজরে আসে কৌটার ভেতরে থাকা নবজাতক দুটির মরদেহ। তবে তাদের পরিচয় এবং কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতক দুটিকে সেখানে ফেলে যাওয়ার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে নবজাতক দুটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। অপরাধীদের শনাক্ত করতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরিফ হোসেন/এমএমবি
