সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীকে নিজের ব্যক্তিগত চেম্বারের ভিজিটিং কার্ড ধরিয়ে দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আব্দুর রাজ্জাককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান। তিনি বলেন, ডা. আব্দুর রাজ্জাককে তিন কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে গত রোববার অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘সরকারি হাসপাতালে রোগীকে ধরিয়ে দেওয়া হলো চেম্বারের ভিজিটিং কার্ড’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
সরকারি হাসপাতালে ১০ টাকার টিকিট কেটে চিকিৎসকের কাছে গেলে সমস্যা শোনার এক মিনিটের মধ্যেই কয়েকটি পরীক্ষা লিখে দেন চিকিৎসক। পরে হাসপাতালের বাইরে চিকিৎসকের সহকারী রোগীর হাতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড দিয়ে সেখানে পরীক্ষা করানোর পরামর্শ দেন।
ঢাকা পোস্টের প্রতিবেদক নিজেই ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ১০৪ নম্বর কক্ষে চিকিৎসা নিতে গেলে এ অভিজ্ঞতার মুখোমুখি হন। ওই কক্ষে দায়িত্বে ছিলেন ডা. মো. আব্দুর রাজ্জাক।
প্রতিবেদকের অভিযোগ, চিকিৎসক সিবিসি, ডেঙ্গু, প্রস্রাব ও রক্তের সিআরপি পরীক্ষাসহ কয়েকটি পরীক্ষা লিখে দেন। কক্ষ থেকে বের হওয়ার পর চিকিৎসকের সহকারী মো. রাকিব একটি ভিজিটিং কার্ড দিয়ে বলেন, ‘এই টেস্টগুলো সরকারি হাসপাতালে করলে বিকেল ৩টা বাজবে। আপনি আমাদের এখানে এসে টেস্ট করান, এই ডাক্তারই আপনাকে দেখবে।’
ভিজিটিং কার্ডে সিরাজগঞ্জ শহরের হাজী আহমেদ আলী রোডের ‘তালুকদার হেলথ কেয়ার অ্যান্ড থেরাপি সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ছিল।
অভিযোগের বিষয়ে ডা. মো. আব্দুর রাজ্জাক অস্বীকার করে ঢাকা পোস্টকে বলেছিলেন, ‘ওইটা আমার ব্যক্তিগত চেম্বার। আর সেখানে কোনো টেস্টই করানো হয় না। হাসপাতাল থেকে যারা যায়, তাদের কোনো ভিজিটও নেওয়া হয় না। আপনি যা বলছেন এসব ঠিক না।’
মো. নাজমুল হাসান/এএমকে
