বিজ্ঞাপন

ভারতে অনুপ্রবেশের পর মাটি ধসে বাংলাদেশি যুবক নিহত

ভারতে অনুপ্রবেশের পর মাটি ধসে বাংলাদেশি যুবক নিহত

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়লা সংগ্রহের সময় মাটি ধসে চাপা পড়ে ইউনুছ আলী (২২) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের কাছে ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ইউনুছ আলী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট গ্রামের ছমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ১০ থেকে ১৫ জনের একটি শ্রমিক দল কয়লা সংগ্রহের উদ্দেশ্যে চারাগাঁও সীমান্তের গোপন পথ দিয়ে ভারতে প্রবেশ করে। পরে তারা ভারতের অভ্যন্তরে একটি কয়লা কোয়ারির গুহায় ঢুকে কয়লা সংগ্রহ করছিলেন। একপর্যায়ে মাটি ধসে ইউনুছ আলী চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় সঙ্গে থাকা অন্য শ্রমিকরা গুহা থেকে বের হয়ে বাংলাদেশে ফিরে এসে ইউনুছের পরিবারের সদস্যদের খবর দেন। পরে স্বজন ও তার সঙ্গে থাকা শ্রমিকদের সহায়তায় দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

এ ব্যাপারে তাহিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের সঙ্গে থাকা অন্যান্য বাংলাদেশি নাগরিকদের নাম-ঠিকানা সংগ্রহ করা হচ্ছে। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তামিম রায়হান/আরএআর

বিজ্ঞাপন