বিজ্ঞাপন

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার

নীলফামারীর ডোমারে পৃথক দুর্ঘটনায় দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রাম থেকে ও উপজেলার কাজিরহাট রেললাইন এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন- উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের বাবলু রায়ের ছেলে সুমন রায় (২১) ও আরেকজনের নাম পরিচয় পাওয়া যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন রায় ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে প্রতিবেশীরা গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। অপরদিকে ভোর ৫টার দিকে ডোমার উপজেলার কাজিরহাট এলাকায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

এ বিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, মৃত্যুর ঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, ট্রেনে কাটা পড়া ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। আমরা নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করছি।

শাহজাহান ইসলাম লেলিন/এএমকে

বিজ্ঞাপন