ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মো. মোলাম হোসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালীশংকরপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. মোলাম হোসেন ওই গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে কুষ্টিয়ার আব্দালপুরে খেলা দেখতে যান ইউপি সদস্য মো. মোলাম হোসেন। পরে ঝিনাইদহের হরিণাকুণ্ড উপজেলার কালীশংকরপুর বাজারে প্রয়োজনীয় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন তিনি। পথে কালীশংকরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
ভায়না ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার হোসেন বলেন, বিকেলে মোলাম হোসেন খেলা দেখতে আব্দালপুরে গিয়েছিলেন। রাতে বাজারের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে স্কুলের উত্তর পাশে পৌঁছালে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। কুষ্টিয়া নেওয়ার পথে তার মৃত্যু হয়।
হরিণাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ভায়না ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোলাম হোসেনকে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ কাজ করছে।
সম্রাট হোসেন/এমএন
