গাইবান্ধার সদরে সার বিক্রিতে অনিয়মের দায়ে মেসার্স আতাউর রহমান ট্রেডার্স ও মেসার্স সাইদার রহমান ট্রেডার্স নামের দুই বিসিআইসি সার ডিলারকে ৪২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক। সন্ধ্যায় খোলাহাটি ও মালিবাড়ী ইউনিয়নের দুই ডিলারকে এই জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, চলমান আমন মৌসুমে কৃষি অফিসের নিয়মিত মনিটরিংয়ে সুনির্দিষ্ট অভিযোগের সূত্রধরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে ক্যাশমেমো ছাড়া সার বিক্রি এবং বিক্রয় রশিদের সঙ্গে বিক্রিত সারের পরিমাণে অসংগতির দায়ে সার ব্যবস্থাপনা আইনে খোলাহাটি ইউনিয়নের মেসার্স আতাউর রহমান ট্রেডার্সকে ৩০ হাজার টাকা এবং মালিবাড়ী ইউনিয়নের কাবিলের বাজারের মেসার্স সাইদুর রহমান ট্রেডার্সকে ১২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এসময় কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সবুজ কুমার বসাক ঢাকা পোস্টকে বলেন, নিয়মিত মনিটরিংয়ে অভিযোগের সূত্র ধরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
মাসুম বিল্লাহ/এমএন
