বিজ্ঞাপন

দৌলতদিয়ায় যৌনকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় যৌনকর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে হুছনে আরা খাতুন ওরফে হাসি (৪৫) নামের এক যৌনকর্মীর মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর রুবেলের বাড়ি থেকে ওই যৌনকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। 

হুছনে আরা খাতুনের বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার মুক্তাগাছায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হুছনে আরা খাতুন দৌলতদিয়া যৌনপল্লীতে রুবেলের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। রাত পৌনে ৮টার দিকে তাকে মাথায় আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত অবস্থায় তার ঘরের বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় ফরিদপুর থেকে সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহের কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম বলেন, ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এসএইচএ 

বিজ্ঞাপন