বিজ্ঞাপন

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর শুনে বাড়ি ফেরার পথে ছেলের মৃত্যু

বাবার মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখটি দেখার জন্য বাড়ি যাচ্ছিলেন ছেলে। কিন্তু বাড়ি ফেরার পথে গাড়ির চাপায় সড়কেই প্রাণ যায় ছেলের। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর ইউনিয়নের স্বস্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তি নূর আলম জিকু (৪৫)। তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার লালনগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে। 

পরিবার, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে জিকুর পিতা জসিম উদ্দিন নিজ গ্রামে বার্ধক্যজনিত কারণে মারা যান। খবরটি পাওয়ার পরপরই জিকু তার কর্মস্থল মাগুরা থেকে ভায়রা ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে চেপে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে মহাসড়কের স্বস্তিপুর এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যান জিকু।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান। 

একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে বাবা এবং ছেলের নির্মম মৃত্যুর খবরে গ্রামজুড়ে শোকের মাতম চলছে। 

রবিউল আলম ইভান/এসএইচএ