বরগুনার আমতলী উপজেলায় আখরোট খেয়ে একটি স্কুলের সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। বর্তমানে তারা আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আমতলী উপজেলার উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ে সান্ধ্যকালীন কোচিং চলাকালে এ ঘটনা ঘটে।
অসুস্থ ছাত্রীরা হল- এলমা, সামিয়া, মীম, ফাতেমা, তানিয়া, উর্মি ও মরিয়ম। তার সকলেই ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, আমতলীর উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ুয়া আবির নামে এক শিক্ষার্থী বাড়ি থেকে আখরোট নিয়ে আসেন। পরে স্কুলের অন্য সহপাঠীদেরকে তা খেতে দেয়। পরবর্তীতে স্কুলের ক্লাস শেষে সান্ধ্যকালীন কোচিং শুরু হলে প্রথমে সপ্তম শ্রেণির পাঁচ ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এ সময় তাদের শ্বাসকষ্ট শুরু হলে স্কুলের অন্য শিক্ষার্থীদের সহযোগিতায় তাদেরকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় শিক্ষকরা। পরবর্তীতে একই শ্রেণির আরও দুই ছাত্রী অসুস্থ হলে তাদেরকেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোলাইমান হোসেন বলেন, বিকেলে আবির নামে এক ছাত্র তার সহপাঠীদের আখরোট খেতে দেয়। ২০ থেকে ২৫ জন শিক্ষার্থী তা খায়। এরপর বিদ্যালয়ের সান্ধ্যকালীন কোচিং শুরু হলে হঠাৎ তিনজন ছাত্রী অসুস্থ হয়। খবর শুনে শিক্ষকদের অসুস্থ ওই ছাত্রীদের হাসপাতালে নিতে বলি। পরবর্তীতে তাদের দেখাদেখি আরও কয়েকজনসহ মোট সাত ছাত্রী অসুস্থ হয়ে পড়ে।
এ বিষয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. হিমেল পাল বলেন, অসুস্থ অবস্থায় সাত শিক্ষার্থীকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তারা আখরোট খেয়েছিল জেনেছি। পরে বমি করে অসুস্থ হয়ে পড়ে। সম্ভবত আখরোটে কোনো ফুড পয়জনিং হয়েছিল। অসুস্থ শিক্ষার্থীদের স্যালাইনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। যদি কারো উন্নত চিকিৎসার প্রয়োজন হয়, তাহলে রেফার করা হবে।
মো. আব্দুল আলীম/এসএইচএ
