বিজ্ঞাপন

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় হাম-ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় হাম ও ডেঙ্গুর প্রকোপে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জন এবং খুলনা জেলায় ডেঙ্গুতে ২ জন মারা গেছেন। একই সময়ে ১০ জেলায় হাম ও ডেঙ্গু মিলিয়ে নতুন করে আরও ৩৭৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর থেকে প্রকাশিত পৃথক দুটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২৬০ জন এবং বেসরকারি হাসপাতালে ২৪ জন। সর্বোচ্চ ভর্তি দেখা গেছে খুলনা জেলায় ৯৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে মোট ৮ হাজার ১৯৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৭ জন। বর্তমানে ৯৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। এই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য দপ্তরের তথ্যমতে, ২০২৩ সালের ১৫ মার্চ থেকে অদ্যাবধি বিভাগে মোট ১০ হাজার ৯৮৮ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন এবং মোট ৪০ জন মারা গেছেন।

একই দিনে ৪ জনের মৃত্যু ও ৩৭৪ জন নতুন আক্রান্তের ঘটনায় বিভাগের ১০ জেলায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

মোহাম্মদ মিলন/এসএইচএ