বিজ্ঞাপন

সিলেটে এসএসসির খাতা পুনঃমূল্যায়নে বদলেছে ২৫৮৭ শিক্ষার্থীর ফল

সিলেটে এসএসসির খাতা পুনঃমূল্যায়নে বদলেছে ২৫৮৭ শিক্ষার্থীর ফল

চলতি বছরের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃমূল্যায়নের পর সিলেট শিক্ষা বোর্ডে ২ হাজার ৫৮৭ শিক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১২১ জন। আর ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন।

শিক্ষাবোর্ডের তথ্য অনুযায়ী, এসএসসি পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের জন্য এবার ২০ হাজার ৭৮৩ জন শিক্ষার্থী আবেদন করেন। এসব শিক্ষার্থীর পক্ষ থেকে মোট ৫০ হাজার ৭১৩টি উত্তরপত্র পুনঃমূল্যায়নের আবেদন করা হয়।

পুনঃমূল্যায়ন শেষে ২ হাজার ৩২০ জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরে পরিবর্তন এসেছে। একই সঙ্গে মোট ১ হাজার ২৮৬ জনের জিপিএ পরিবর্তন হয়েছে। তবে ১৪৩ জন শিক্ষার্থীর জিপিএ-৫ অপরিবর্তিত রয়েছে।

পুনঃমূল্যায়নের ফলাফলে ১৫৭ জন শিক্ষার্থী ফেল থেকে ফেলই করেছেন। গ্রেড পরিবর্তন হয়েছে ৯৮৬ জনের। আর ফেল থেকে পাস করেছেন ১৮৬ জন।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮৯ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮৯ হাজার ৭৯ জন। পাস করেছে ৫১ হাজার ৯৫৭ জন। বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন। পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ৬৭ শতাংশ এবার অকৃতকার্য হয়েছে।

বিভাগভিত্তিক ফলাফলে সবচেয়ে বেশি জিপিএ-৫ এসেছে বিজ্ঞান বিভাগে। এ বিভাগে মোট ৩ হাজার ৬০৮ জন জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৬৮৪ এবং মেয়ে ১ হাজার ৯২৪ জন।

মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১২০ জন। এর মধ্যে ছেলে ২৪ এবং মেয়ে ৯৬ জন। অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। এদের মধ্যে ছেলে ৩৭ এবং মেয়ে ৭১ জন।

মাসুদ আহমদ রনি/এসএইচএ