পাবনায় মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ কামরুন্নাহার কলি সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কলুনিয়া গ্রামের বাসিন্দা কামাল প্রামানিকের (৪০) মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার (৯ সেপ্টেম্বর) বাবার সঙ্গে নিখোঁজ কামরুন্নাহার কলি নিজ এলাকার নিকটস্থ শ্রীপুর বাজারে যান। বাজার শেষ করে বাবার সঙ্গেই বাড়ি ফিরে বাজারের ব্যাগ মায়ের হাতে ধরিয়ে দিয়ে বাড়ির পাশে চলে যায় শিশুটি। সন্ধ্যা গড়িয়ে গেলেও শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা প্রতিবেশীর বাড়িসহ আশপাশের খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে নিজ বাড়ি থেকে ২০০ গজ দূরে শিশুটির পরিহিত স্যান্ডেল খুঁজে পান পরিবারের সদস্যরা। পরবর্তীতে নিখোঁজ শিশুটির বাবা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। তার গায়ের রং উজ্জ্বল, উচ্চতা আনুমানিক ৪ ফুট বলে জানিয়েছে তার পরিবার।
শিশুটির বাবা কামাল প্রামানিক বলেন, আমার মেয়ে বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটের দিকে নিখোঁজ হয়েছে। এরপর থেকে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করছি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের কাছেও খবর নিয়েছি, কিন্তু এখন পর্যন্ত মেয়ের কোনো সন্ধান পাইনি। আমার মেয়েকে নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি। কোনো হৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পেয়ে থাকেন, তাহলে দ্রুত আমাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
এদিকে শিশুটিকে উদ্ধারে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম।
তিনি বলেন, শিশুটির নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। শিশুটির সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ওসি বলেন, অভিযোগ পাওয়ার পর থেকে বেশ কয়েকবার শিশুটির বাড়িতে পুলিশ গিয়েছে। আমরা আমাদের লোকাল যে সকল মিডিয়াগুলো আছে সেগুলোতে প্রচারণা চালিয়েছি, তবে এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। আশা করছি দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারবো।
তুহিন মোল্লা/আরএআর
