বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে এফবি মায়ের দোয়া নামে তালতলীর একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ডুবে যাওয়া ট্রলারটির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বরগুনার তালতলী উপজেলার নিদ্রার চর নামক এলাকা থেকে ১০ কিলোমিটার দূরে সাগর মোহনায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার সকালে তালতলী থেকে জাফর মাঝির মালিকানাধীন এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার নিয়ে ১৪ জন জেলে মাছ শিকার করতে সমুদ্রে যান। পরে মাছ শিকার শেষে ট্রলার নিয়ে তালতলীর উদ্দেশ্যে রওয়ানা করেন তারা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তালতলীর নিদ্রার চর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে সাগর মোহনার একটি ডুবো চরে ট্রলারটির তলা আটকে উল্টে গিয়ে ডুবে যায়। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও নৌ-পুলিশের সহযোগিতায় চারটি ট্রলার গিয়ে ১৪ জন জেলেক জীবিত উদ্ধার করা হয়।
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী অফিসার অতীশ সরকার বলেন, ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলেকেই জীবিত উদ্ধার করা হয়েছে। উপজেলা প্রশাসনের একটি দল ও নৌ-পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় তাদের উদ্ধার করা হয়।
মো. আব্দুল আলীম/এমএন
