রাজবাড়ীতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। এ সময় খাদ্যপণ্যের মোড়ক ও লেবেলে যথাযথ তথ্য না থাকা, অনুমোদন ছাড়া খাদ্য প্রতিষ্ঠান পরিচালনা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার, নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে একটি বেকারিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজবাড়ী সদর উপজেলার গঙ্গা-প্রসাদপুর এলাকার গাউছিয়া ফুড প্রোডাক্টসে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার আরিফুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ও খাদ্য নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটি পরিদর্শন করা হয়।
অভিযানকালে খাদ্য মোড়কীকরণ ও লেবেলে খাদ্য উপকরণের প্রয়োজনীয় তথ্য ও ঠিকানা যথাযথভাবে উল্লেখ না করা, অনুমোদনবিহীনভাবে খাদ্য প্রতিষ্ঠান পরিচালনা, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক ও ফ্লেভার ব্যবহার, নিম্নমানের খাদ্য উপকরণ ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়গুলো পাওয়া যায়।
পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর সংশ্লিষ্ট ধারায় ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিক। এ ছাড়া পেশকার হৃদয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় রাজবাড়ী জেলা আনসার বাহিনীর একটি চৌকস দল অভিযানে সহযোগিতা করে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান অব্যাহত থাকবে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে
