বিজ্ঞাপন

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল চালক নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হন। এ ঘটনায় আসাদুল ইসলাম (৩১) নামে অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।

নিহত আরাফাত রহমান বাবু দুই সন্তানের জনক। তিনি আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পুত্র। আহত আসাদুল ইসলামও আশোকাঠী গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনটি দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটির সঙ্গে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান তুরাগ (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।

তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে তুরাগের চালানো মোটরসাইকেলটি মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে যায়। এতে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাকের সঙ্গে দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম বলেন, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন আটক করা হয়েছে। আর বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি আরও বলেন, উভয় ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরিফ হোসেন/এসএইচএ