ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার ক্যাম্পাস সভাপতি আব্দুল মুত্তালিবের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোদাগাড়িতে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহমান।
মৃত আব্দুল মুত্তালিব গোমস্তাপুর উপজেলার চৌডলা ইউনিয়নের মৃত জাফর আলীর ছেলে। সে নবাবগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স ৩য় বর্ষের শিক্ষার্থীও ছিলেন এবং ছাত্রশিবিরের সাথী ছিলেন।
আব্দুর রহমান জানান, বেশ কয়েকদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হন মুত্তালিব। তারপর থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজকে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই বিষয়ে জানতে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার বলেন, বিষয়টি মর্মান্তিক। সে গত ৭ তারিখ বিকেল সাড়ে তিনটার দিকে ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন এবং নিয়মিত চিকিৎসা চলছিল। আজকে শুক্রবার ছুটির দিনেও ডাক্তার রাউন্ড দিয়েছিল। তখন রোগী জানায়, তার ভালো লাগছে না। সে রেফার্ড নিয়ে রাজশাহী যেতে চায়। পরে তাকে রেফার্ড করা হয়। আগামীকাল বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখা হবে।
এদিকে আব্দুল মোত্তালিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল গালিব ও সেক্রেটারি আব্দুর রহমান।
যৌথ বিবৃতিতে তারা জানান, আব্দুল মুত্তালিবের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। একজন দায়িত্বশীল সাথী ও ক্যাম্পাস সভাপতি হিসেবে তিনি সংগঠনের কার্যক্রমে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। তার বিনয়ী আচরণ, দায়িত্ব পালনে আন্তরিকতা এবং সহপাঠী ও সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
তার এই চলে যাওয়া পরিবার, সহপাঠী, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহকর্মীদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার ইন্তেকালে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা একজন নিবেদিতপ্রাণ সাথী ও দায়িত্বশীল কর্মীকে হারাল।
নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে ছাত্রশিবির গভীরভাবে শোকাহত। আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, হে আরশের মালিক! আপনি এই দ্বিনের একনিষ্ঠ খাদেমের জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে দিন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
মো. আশিক আলী/এসএইচএ
