বিজ্ঞাপন

বরগুনায় পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

বরগুনায় পৌনে ৯ মণ হরিণের মাংস উদ্ধার

বরগুনার পাথরঘাটা উপজেলায় অভিযান চালিয়ে ৩৫০ কেজি হরিণের মাংস, তিনটি চামড়া ও একটি মাথাসহ মো. ইব্রাহিম (৪৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় বনবিভাগ সদস্যদের উপস্থিতিতে কোস্টগার্ড সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। পরে পাথারঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটক ওই যুবককে সামারি ট্রায়াল পরিচালনার মাধ্যমে এক বছরের কারাদণ্ড প্রদান করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বিষয়টি নিশ্চিত করেন।

দণ্ডপ্রাপ্ত ইব্রাহিম পাথরঘাটা উপজেলার দক্ষিণ চরদোয়ানী এলাকার মো. মুনসুর আলীর ছেলে।

বনবিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, পাথরঘাটায় একটি চক্র হরিণ শিকার ও মাংস পাচার করছেন, এমন তথ্য জানতে পেরে বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দিবাগত রাত দেড়টার দিকে কোস্টগার্ড সদস্যরা বনবিভাগকে বিষয়টি অবহিত করেন। পরে ওই দিন রাত দুইটার দিকে বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে পাথরঘাটার দক্ষিণ চরদোয়ানী কালিয়ার খাল নামক এলাকায় একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। এ সময় ওই এলাকায় একটি কাঠের নৌকায় তল্লাশি করলে প্রায় ৪ লাখ ২৪ হাজার টাকা মূল্যের ৩৫০ কেজি হরিণের মাংস, ৩টি চামড়া, ১টি মাথা উদ্ধার করে জব্দ করা হয়। পরে চোরাচালান কাজে ব্যবহৃত ওই কাঠের নৌকাটিসহ এ ঘটনায় জড়িত মো. ইব্রাহিমকে আটক করে কোস্টগার্ড।

পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস, চামড়া ও মাথাসহ আটক ইব্রাহিমকে কোস্টগার্ড সদস্যরা বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। বনবিভাগ পাথারঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে অবহিত করলে জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট পনির শেখ সামারি ট্রায়াল পরিচালনা করে আটক ইব্রাহিমকে ১ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া জব্দকৃত মাংস মাটিচাপা দিয়ে চামড়াগুলো বনবিভাগকে সংরক্ষণ করার আদেশ দেন।

এ বিষয়ে পাথরঘাটা বনবিভাগের রেঞ্জ অফিসার মো. সোহাগ খান বলেন, কোস্টগার্ড থেকে খবর প্রাপ্তির পর বনবিভাগের সদস্যদের উপস্থিতিতে গতকাল রাতে একটি অভিযান পরিচালনা করে কোস্টগার্ড সদস্যরা। অভিযানে উদ্ধার হওয়া জব্দকৃত হরিণের মাংস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।  

মো. আব্দুল আলীম/এসএইচএ 

বিজ্ঞাপন