বিজ্ঞাপন

গাজীপুরে লাগেজে মিলল নারীর খণ্ডিত মরদেহ

গাজীপুরে লাগেজে মিলল নারীর খণ্ডিত মরদেহ

গাজীপুরে পানিতে ভাসমান একটি লাগেজের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা সদরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ভবানীপুর মেম্বারবাড়ী বাজারের মধ্যবর্তী একটি ফাঁকা স্থানের জলাশয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার হামজা অ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার পাশে একটি ব্রিজের নিচের জলাশয়ে একটি লাগেজ ভাসতে দেখেন স্থানীয়রা। এসময় সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাগেজটি উদ্ধার করে।

পুলিশ লাগেজটি খুললে এর ভেতর নারীর মরদেহের নিচের অংশ পাওয়া যায়। পরবর্তীতে পাশের একটি বস্তার ভেতর থেকে তার মাথাসহ শরীরের অন্যান্য অংশ উদ্ধার করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, শুক্রবার বিকেলে ভবানীপুর এলাকা থেকে একটি লাগেজ ও বস্তার ভেতর থেকে নারীর খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এছাড়াও এ ঘটনার তদন্ত করা হচ্ছে।

আশিকুর রহমান/এমএমবি

বিজ্ঞাপন