বিজ্ঞাপন

হাসপাতালে নেওয়ার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু

হাসপাতালে নেওয়ার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু

পটুয়াখালীতে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের বসাক বাজার এলাকার পায়রা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে। তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিষপানের পর শাকিলকে চিকিৎসার জন্য আমখোলা থেকে অ্যাম্বুলেন্সযোগে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। বিকেল ৪টার দিকে অ্যাম্বুলেন্সটি বসাক বাজার এলাকার পায়রা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা শাকিল গুরুতর আহত হন।

পরে তাকে রক্তাক্ত অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সে শাকিলের মা, চাচিসহ মোট ৬ জন ছিলেন। তাদের মধ্যে ইউসুফ ও রুমা নামের ২ জন আহত হয়েছেন।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

নিহত শাকিলের মা হোসনেয়ারা বেগম বলেন, ‘আমার ছেলে বিষ খাওয়ার পর চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পথেই এক্সিডেন্টে এমন হইয়া গেল।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। আমখোলা থেকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে সংঘর্ষে তিনি মারা যান। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

সোহাইব মাকসুদ নুরনবী/এমএমবি