বিজ্ঞাপন

নিখোঁজের ৩ দিন পর ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিখোঁজের ৩ দিন পর ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির লক্ষীছড়িতে নিখোঁজের ৩ দিন পর রঞ্জন চাকমা (৪৮) নামে এক ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার একটি এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রঞ্জন চাকমা ২ নম্বর দুল্যাছড়ি ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি একই এলাকার ভারত মোহন চাকমার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রঞ্জন চাকমা গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার তার নিখোঁজের বিষয়ে থানায় অভিযোগ করার কথা ছিল। এরই মধ্যে বিকেলে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়া যায়, একটি গাছে রঞ্জন চাকমার মরদেহ ঝুলছে।

খবর পেয়ে লক্ষীছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে পুলিশ ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

লক্ষীছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, রঞ্জন চাকমা গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানা গেছে। তবে তার নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে থানায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। শুক্রবার মরদেহ উদ্ধারের পর থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মোহাম্মদ শাহজাহান/এমএমবি