নীলফামারীর ডিমলায় তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়াড় ৩ দিন পর আরমান হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দোহলপাড়া এলাকার তিস্তা নদীর চরে তার মরদেহ পাওয়া যায়। এর আগে গত বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে দোহলপাড়া এলাকার তিস্তা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিনি।
আরমান হোসেন উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দোহলপাড়া এলাকার হালিম ইসলামের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে কয়েকজনের সঙ্গে তিস্তা নদীতে গোসল করতে নামেন আরমান। গোসল শেষে অন্যরা নদী থেকে উঠে এলেও তিনি পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। এরপর রংপুর থেকে ডুবুরি দল এসে নদীতে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
শুক্রবার দুপুরের দিকে তিস্তা নদীর চরে আরমানের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ডিমলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ধারণা করা হচ্ছে পানির স্রোতে ভেসে যাওয়ার কারণে তিস্তার চরে তার মরদেহ পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
শাহজাহান ইসলাম লেলিন/এমএমবি
