পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীতে লালন শাহ সেতুর পিলারে নৌকার ধাক্কায় পানিতে পড়ে তিনজন নিখোঁজ হন। নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুইজনকে জীবিত উদ্ধার করেন। তবে রাত ১০টা পর্যন্ত নিখোঁজ অপর একজনের সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর গ্রামের মৃত হাছান আলীর ছেলে রকি এবং একই এলাকার বিদ্যুতের ছেলে লিটন ও ওয়াহাব।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি নৌকা হার্ডিঞ্জ ব্রিজ এলাকা থেকে ছেড়ে লালন শাহ সেতু এলাকায় পৌঁছালে সন্ধ্যা ৭টার দিকে সেতুর একটি পিলারে ধাক্কা লাগে। এতে নৌকায় থাকা তিনজন পানিতে ছিটকে পড়েন। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে দুজনকে জীবিত উদ্ধার করেন।
ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, ভ্রমণকারীদের বহনকারী নৌকাটি লালন শাহ সেতুর পিলারে ধাক্কা দিলে তিনজন পানিতে পড়ে যান। তাদের মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ অপর একজনকে উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।
তুহিন মোল্লা/ এনটি
