বিজ্ঞাপন

হাওর ভ্রমণ শেষে ফেরা হলো না আইনজীবীর

হাওর ভ্রমণ শেষে ফেরা হলো না আইনজীবীর

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পর্যটকবাহী পিকআপ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (৫৬) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি পেশায় আইনজীবী। গাজীপুর জেলা জজ কোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে কাজ করতেন তিনি। হাওরের সৌন্দর্য উপভোগ করে ফেরার পথে সড়কেই থেমে গেল তার আনন্দভ্রমণ। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও চার আইনজীবী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের ভাতশালা সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান গাজীপুরের জয়দেবপুর থানার সালনা এলাকার বাসিন্দা। তিনি গাজীপুর জেলা জজ কোর্টের এপিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আহত আইনজীবীদের মধ্যে রয়েছেন, গাজীপুর জেলা জজ কোর্টের সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মকবুল হোসেন কাজল, অ্যাডভোকেট ইকবাল হোসেন ও অ্যাডভোকেট মহসীন রেজা সরকারসহ আরও একজন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে গাজীপুর থেকে নয়জন আইনজীবী হাওর ভ্রমণে কিশোরগঞ্জে আসেন। দিনভর হাওরের বিভিন্ন এলাকা ঘুরে বিকেলে তারা মিঠামইন থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় অষ্টগ্রামের দিকে ফিরছিলেন।

ফেরার পথে ভাতশালা সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পর্যটকবাহী পিকআপের সঙ্গে তাদের অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে মিজানুর রহমানসহ পাঁচ আইনজীবী আহত হন।

দুর্ঘটনার শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান।

গুরুতর আহত মকবুল হোসেন কাজল ও ইকবাল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। আহত অপর দুই আইনজীবীও চিকিৎসাধীন রয়েছেন।

অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে। নিহত আইনজীবীর মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাখাওয়াত হোসেন হৃদয়/এনটি 

বিজ্ঞাপন