শরীয়তপুরের নড়িয়ায় নেশা ও জুয়া খেলার টাকা না পেয়ে নিজেদের বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘড়িসার ইউনিয়নের সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে।
অভিযুক্ত দুই ভাই হলেন, সবুজবাগ এলাকার নাসির বেপারীর ছেলে সোহান বেপারী ও ইমরান বেপারী। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোহান ও ইমরান দীর্ঘদিন ধরে নেশা ও জুয়ায় আসক্ত। এসবের জন্য তারা প্রায়ই বাবা-মায়ের কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে না পারলে বাবা-মাকে মারধর, বাড়িঘর ভাঙচুরসহ নানা ধরনের নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে।
পরিবারের সদস্যরা জানান, কিছুদিন আগে দুই ছেলেকে দেওয়ার জন্য ৩০ হাজার টাকা কিস্তিতে ঋণ নেন তাদের বাবা নাসির বেপারী। কিন্তু সেই টাকা জুয়া খেলা ও নেশার পেছনে খরচ করে ফেলেন দুই ভাই। পরে কষ্ট করে ওই ঋণের কিস্তি পরিশোধ করেন তাদের বাবা। এরপর শুক্রবার আবারও বাবার কাছে ৫০ হাজার টাকা কিস্তিতে তুলে দেওয়ার দাবি করেন সোহান ও ইমরান। টাকা না দিলে বসতঘরে আগুন ধরিয়ে দেওয়ার হুমকি দেন তারা। বাবা-মা টাকা দিতে অস্বীকৃতি জানালে নিজেদের থাকার ঘরেই আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পরিবারের। খবর পেয়ে নড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহান ও ইমরান পলাতক রয়েছেন।
নাসির বেপারীর বড় ছেলে আল আমিন বলেন, আমার ছোট দুই ভাই সবসময় বাবা-মায়ের সঙ্গে টাকার জন্য ঝামেলা করে। ওদের নেশার জন্য টাকা না দিলেই বাবা-মায়ের ওপর অত্যাচার করে, বাড়িঘর ভাঙচুর করে। কিছুদিন আগে ৩০ হাজার টাকা কিস্তিতে তুলে দিয়েছিলাম। ওরা সেই টাকা জুয়া খেলে আর নেশা করে শেষ করেছে। আজ আবার ৫০ হাজার টাকা চেয়েছে। বাবা টাকা দেবেন না বলায় বাড়িতে আগুন দিয়ে দিয়েছে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল কাইয়ুম খান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তারা নেশার টাকার জন্য নিজেদের ঘরে আগুন দিয়েছে বলে জানা গেছে। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগামীকাল থেকেই মাদকের বিষয়ে সর্বোচ্চ জায়গা থেকে ব্যবস্থা নেব।
নয়ন দাস/আরকে
