পঞ্চগড়ে সরকারি উদ্যোগে সোলার প্রকল্প স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এ অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ প্রকল্প অত্যন্ত উপযোগী। পরিকল্পনা অনুযায়ী এগোতে পারলে আগামী ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে এগিয়ে যাওয়া সম্ভব হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীরা তার সঙ্গে ছিলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্ল্যান্টসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড়েও সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের পাশাপাশি কৃষিভিত্তিক এগ্রোজোন ও সবুজায়ন গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সোলার প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যুতের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগের নতুন সম্ভাবনা তৈরি হবে। প্রকল্পে স্থানীয় জনগণকে কর্মসংস্থানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
বিদ্যুৎ সংকটের বিষয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, বিগত সরকারের সময়ে বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর প্রভাব এখনো সাধারণ মানুষকে ভোগ করতে হচ্ছে। গ্রামের অনেক মানুষ ঠিকমতো বিদ্যুৎ পাচ্ছেন না। বিদ্যুৎ সংকট মোকাবিলায় দ্রুত সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন তিনি।
অর্থনৈতিক অঞ্চল এলাকা পরিদর্শন শেষে চীনের জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং বলেন, পঞ্চগড়ের জমি প্রাকৃতিকভাবে ভালো এবং বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। তারা নিজ দেশে ফিরে বোর্ড সভায় বিষয়টি আলোচনা করবেন। এরপর বিনিয়োগের সম্ভাবনা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহাবুব হোসেন, জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহাসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
নুর হাসান/এসএইচএ
