বিজ্ঞাপন

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে চাচা-ভাতিজার মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আপন চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চংনোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চংনোয়াগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৮) ও একই গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম হোসেন (২৪)। সম্পর্কে তারা আপন চাচা-ভাতিজা।

নিহত মোকাররম ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসে তিনি বিয়ে করেন। আর শাহ আলম ধানবাহী নৌকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে জাল নিয়ে গ্রামের সামনের হাওরে মাছ ধরতে যান শাহ আলম ও মোকাররম। এ সময় হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় সকাল ১০টার দিকে স্বজনেরা হাওরে তাঁদের খুঁজতে বের হন। একপর্যায়ে হাওরের হাঁটুপানিতে দুজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, বজ্রপাতে ২ জন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সাখাওয়াত হোসেন হৃদয়/এমএমবি