প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এখন আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করছে। অবশ্যই তারা জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এ মিছিল করার সাহস পায় না।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ঝিনাইদহে ভার্চুয়ালি অংশগ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, গতকাল ছাত্রলীগ ও আওয়ামী লীগ গুলশানে ঝটিকা মিছিল করেছে। আমরা দেখলাম, সেই মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী অংশ নিয়েছে। দেখেন, আমি আগেই বলেছি, এই যে আওয়ামী লীগ ফিরে আসার পথ তৈরি হচ্ছে, এর দায় অবশ্যই জামায়াতের।
তিনি বলেন, জামায়াতের একজন প্রভাবশালী নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বলেছেন, এজ এ পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগ যদি ফিরে আসে, তাদের আপত্তি নাই। তার মানে কি এই যে আওয়ামী লীগ ফিরে আসতেছে? এর সমস্ত পথ তৈরি করে দিচ্ছে, এই জামায়াতে ইসলাম। তার মানে বিএনপির বিরুদ্ধে সেই ৯৬ সালের মতো আওয়ামী লীগ এবং জামায়াত যুগপৎভাবে আন্দোলন করে এই সরকারকে ব্যর্থ করার একটি ব্যর্থ প্রচেষ্টা হাতে নিয়েছে। এখন আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল করছে। অবশ্যই তারা জামায়াতের সঙ্গে আলোচনা ছাড়া এই মিছিল করার সাহস পায় না।
এর আগে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্রাট হোসেন/এসএইচএ
