বিজ্ঞাপন

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থান ধ্বংস করতে নগরবাসীর প্রতি আহ্বান

ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থান ধ্বংস করতে নগরবাসীর প্রতি আহ্বান

রংপুরে সারাদেশের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সিটি করপোরেশনের উদ্যোগে পাবলিক লাইব্রেরি মাঠে বড় পর্দায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শিত হয়।

এতে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাড. মাহফুজ- উন-নবী ডন, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রশীদ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসানসহ সেনাবাহিনী, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, বিএনসিসিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

এরপর রংপুর কালেক্টরেট সুরভি উদ্যানে রংপুর জেলার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ইসরাত জাহান। এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, জেলা পরিষদ প্রশাসক সাইফুল ইসলাম।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। এ লক্ষ্যে সিটি করপোরেশন  রংপুর নগরীতে পরিচ্ছন্নতা অভিযান চালাবে। কিন্তু ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেই সচেতন হতে হবে।

তারা আরও বলেন, ডাবের খোসা, টায়ার, ফুলের টবসহ পড়ে থাকা বিভিন্ন পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে। বাড়ি, অফিস-আদালতের আঙ্গিনার আশপাশে ঝোপ-ঝাড় গুলো পরিষ্কারসহ মশার প্রজনন স্থান ধ্বংস করতে হবে। এসব কাজে সকল সচেতন নাগরিক অংশ নিলে আমরা একটি সুন্দর পরিচ্ছন্ন নগরী গড়তে পারব। 

এরপর সুরভি উদ্যানে ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার, মশক নিধনে ধোঁয়া, স্প্রে করাসহ আগাছা পরিষ্কার করা হয়। রংপুর সিটি করপোরেশনের স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি আগামী ৩ মাস ১০০ পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা অভিযানে কাজ করবে। 

ফরহাদুজ্জামান ফারুক/এসএইচএ