বিজ্ঞাপন

সিআইডি কর্মকর্তা পরিচয়ে মোটরসাইকেল চুরির চেষ্টা, যুবক গ্রেপ্তার

সিআইডি কর্মকর্তা পরিচয়ে মোটরসাইকেল চুরির চেষ্টা, যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় সিআইডি কর্মকর্তা পরিচয়ে ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে প্রতারণার অভিযোগে মোহাম্মদ হাসান (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম রত্না কোর্টবাজার দক্ষিণ স্টেশন এলাকার এম আর মোটরসের সামনে থেকে তাকে মোটরসাইকেলসহ আটক করা হয়।

উখিয়া থানা-পুলিশের ভাষ্য, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই এলাকায় অভিযান চালানো হচ্ছিল। এ সময় হাসান নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন এবং ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে একটি মোটরসাইকেল কৌশলে চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসানের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার বিষয়টি সামনে আসে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।

এ ঘটনায় শনিবার উখিয়া থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪২ এবং জিআর নম্বর ৫৭৭। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হাসানকে আদালতে পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, সরকারি কর্মচারীর পরিচয় ব্যবহার করে প্রতারণা করা গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণার বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিচ্ছে।

অপরিচিত কেউ সরকারি কর্মকর্তা পরিচয়ে কোনো সুবিধা বা সম্পদ নেওয়ার চেষ্টা করলে পরিচয় যাচাই করে সতর্ক থাকার জন্য তিনি সাধারণ মানুষকে আহ্বান জানান।

ইফতিয়াজ নুর নিশান/এসএইচএ