বিজ্ঞাপন

রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, বিপৎসীমা ছুঁই ছুঁই

রাজবাড়ীতে বাড়ছে নদ-নদীর পানি, বিপৎসীমা ছুঁই ছুঁই

উজান থেকে নেমে আসা ঢলে রাজবাড়ী জেলার পদ্মা, গড়াই ও হড়াইসহ জেলার সব নদ-নদীর বেড়ে এখন বিপৎসীমা ছুঁই ছুঁই। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত জেলার কোথাও পানিবন্দি বা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সর্বশেষ তথ্য অনুযায়ী, গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি ৭ দশমিক ৬৯ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৮ দশমিক ২০ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৫১ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মহেন্দ্রপুর পয়েন্টে পদ্মা ও গড়াই নদীর পানি ৮ দশমিক ৬৮ মিটার উচ্চতায় রয়েছে। এ পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৫০ মিটার। অর্থাৎ বিপৎসীমার ১ দশমিক ৮২ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

পাংশার সেনগ্রাম পয়েন্টে পদ্মা নদীর পানি রয়েছে ১০ দশমিক ১৭ মিটার। সেখানে বিপৎসীমা ১০ দশমিক ৫২ মিটার। অর্থাৎ বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এ ছাড়া কামারখালী ব্রিজ পয়েন্টে গড়াই নদীর পানি ৭ দশমিক ৫৫ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। এ পয়েন্টে বিপৎসীমা ৭ দশমিক ৭৫ মিটার। অর্থাৎ বিপৎসীমার মাত্র ২০ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তাজমিনুর রহমান বলেন, ফারাক্কার গেট খুলে দেওয়ার কারণে কয়েক দিন ধরে রাজবাড়ীর পদ্মা, গড়াই ও হড়াই নদীর পানির উচ্চতা বাড়ছে। তবে এখন পর্যন্ত জেলার কোনো পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেনি। জেলার কোথাও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবরও পাওয়া যায়নি।

নদীপাড়ের মানুষকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নদ-নদীর পানি পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখা হচ্ছে।

মীর সামসুজ্জামান সৌরভ/এমএমবি