আওয়ামী লীগ সরকার একেকজন জনগণের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা রেখে দেশ থেকে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শিরিন সুলতানা।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের টি.আর কর্মসূচির আওতায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে বাদুয়ারচর উত্তরপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির নির্মাণে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি নরসিংদী সদর উপজেলার হাজীপুর ইউনিয়ন পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
শিরিন সুলতানা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতিবাজরা নিজের দেশে গ্যাসকূপ খনন না করে পার্শ্ববর্তী দেশকে খুশি করার জন্য ১ টাকার জিনিস ১০ টাকা দিয়ে গ্যাস এনেছে, দেশে ভর্তুকি দিয়েছে। আজকে আমাদের হাজার হাজার কোটি টাকা জনগণের ঘাড়ে রেখেছে। একেকজন জনগণের ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা রেখে দেশ থেকে পালিয়ে গেছে। একজন শিশু যদি জন্মগ্রহণ করেন, তার ঘাড়ে ১ লাখ ২৯ হাজার টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করতে হবে। এমন বেহাল দশার মধ্য দিয়ে আমরা দেশ পরিচালনা করছি।
তিনি বলেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষদের নিয়ে একত্রে বাংলাদেশি জাতি হিসেবে গড়ে তুলতে চাই। কারো ভয়ের কারণ নেই। বিগত দিনে একটি দল আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে গুপ্ত থেকে আওয়ামী লীগ পরিচয় দিয়ে তারা রাজনীতি করেছে। এখন আবার তারা নিজেদের পরিচয়ে এসে তাদের ছত্রছায়ায় আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিটিং-মিছিল করে দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে।
অনুষ্ঠানে হাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুর কবির ভূঁইয়া জাহিদের সভাপতিত্বে এবং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আবদুল হান্নান সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন চৌধুরী সুমন, নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসাদুল হায়াত মুকুল, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান খান, নরসিংদী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হাসান মুজাহিদ রুবেল, হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইউসুফ খান আংগুর, নরসিংদী সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মহালম সরকার, হাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান এবং হাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মুহাম্মদ আশরাফুল ইসলাম খান।
অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণে ৩ লাখ টাকা অনুদান প্রদান করা হয়।
আমিনুর রহমান সাদী/এসএইচএ
