জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মাথায় তমেজুল ইসলাম (৪৬) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে নিহতের ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যেই এমন ঘটনা ঘটে থাকতে পারে।
নিহত তমেজুল ইসলাম পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় অবস্থিত শ্বশুরবাড়িতে স্ত্রীকে রাখতে যান তমেজুল। সেখান থেকে রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেলযোগে নিজ গ্রাম আটুলের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও তিনি বাড়িতে পৌঁছাননি এবং স্বজনরা তার মোবাইল ফোনে কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাচ্ছিলেন না।
শনিবার সকালে বীরনগর এলাকার কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় একটি আখক্ষেতের ভেতরে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে লোকজন সেখানে ভিড় জমান। পরে স্থানীয়রা পাঁচবিবি থানা পুলিশে খবর দিলে স্বজন ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ তমেজুল ইসলামের বলে শনাক্ত করেন।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাতে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ছিনতাইকারী চক্রের কবলে পড়েন তমেজুল। দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ঘাতকরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে হত্যা করেন। এরপর আখক্ষেতে মরদেহ ফেলে রেখে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে নিহতের ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন।
ওসি তামবিরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জয়পুরহাট জেনারেল হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, ঘটনার পর ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চম্পক কুমার/এসএইচএ
