কুমিল্লার লাকসামে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু। নিহতদের মধ্যে একজনের বয়স ৩ এবং অপর শিশুর বয়স সাড়ে ৩ বছর। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাকসাম পৌর এলাকার মিশ্রি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হল- ওই গ্রামের বাসিন্দা কুমিল্লার আদালতের আইনজীবী শামসুল হকের মেয়ে ফাতেমা আক্তার (৩) এবং তার বড়ভাই দুবাই প্রবাসী নাসির উদ্দিনের সাড়ে তিন বছরের ছেলে সুফিয়ান।
নিহত ফাতেমা আক্তারের বাবা আইনজীবী শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, পৌর এলাকার মিশ্রী উত্তর পাড়া নিজ বাড়ির পুকুরের পাশে ওই দুই শিশু খেলা করছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে তাদেরকে পরিবারের লোকজন না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে তাদের পায়ের স্যান্ডেল পুকুরে ভাসতে দেখেন। পরে পুকুরে নেমে খোঁজাখুঁজি করে তাদেরকে উদ্ধার করা হয়। পরে তাদের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী ঢাকা পোস্টকে বলেন, দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন করা হয়েছে।
আরিফ আজগর/এসএইচএ
