চুয়াডাঙ্গার দামুড়হুদায় হাতে থাকা হাসুয়ার আঘাতে বৈদ্যুতিক তার কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের বেড়বাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই গ্রামের সাইদুর রহমানের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বলেন, দুপুরে মাঠ থেকে গরুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল রাসেল। বাড়ির গেটের কাছে পৌঁছানোর সময় অসাবধানতাবশত হাতে থাকা হাসুয়ার আঘাতে নিজের দোকানের বৈদ্যুতিক তার কেটে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে সে।
ঘটনার পর পরিবারের সদস্যরা দ্রুত রাসেলকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের চিকিৎসক মোস্তাফিজুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে রাসেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে মরদেহ দেখতে তার বাড়িতে ভিড় করেন স্থানীয় লোকজন।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, অসাবধানতাবশত হাতে থাকা হাসুয়ার আঘাতে বৈদ্যুতিক তার কেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আফজালুল হক/এমএমবি
